ডোমেইন পেজ: সকল অপশনের ব্যাখ্যা
আপনার দোকানের একটি ঠিকানা সবসময়ই থাকে। প্রথম দিন সেটি ফ্রি yourstore.sohojdokan.com সাবডোমেইন, আর পরে সাধারণত হয়ে ওঠে myshop.com এর মতো নিজের একটি ডোমেইন। দুটোই একই পেজে থাকে। এই গাইডে সেই পেজের প্রতিটি অংশ ব্যাখ্যা করা হয়েছে: কোন সারি কী বোঝায়, কোন ব্যাজ কী বলছে, আর ডোমেইন যুক্ত বা কেনার সময় ভেতরে আসলে কী ঘটে।
পেজটি কোথায় পাবেন
সাইডবার থেকে Advanced অপশনটি ওপেন করে Domain Management-এ যান। আপনার ঠিকানা সংক্রান্ত সবকিছুই এই এক পেজে:
১. উপরে দুটি বাটন: Buy new domain ও Connect existing domain ২. আপনার ডোমেইন তালিকা, যার প্রথমেই থাকে ফ্রি সাবডোমেইন ৩. Domain contact & documents, অর্থাৎ ডোমেইন রেজিস্ট্রেশনে ব্যবহৃত WHOIS তথ্য ৪. রেজিস্ট্রেশন ও নবায়নের Order history ৫. DNS রেকর্ড ও প্রোভাইডার গাইডসহ Need help connecting? অংশ
ঠিকানা তিন ধরনের হয়
বাটনগুলোর মানে বোঝার আগে জেনে নিন, একটি ডোমেইন তিনভাবে আপনার দোকানে পৌঁছাতে পারে।
| ধরন | কোথা থেকে আসে | আপনাকে যা করতে হয় |
|---|---|---|
| ফ্রি সাবডোমেইন | দোকান তৈরির সাথেই, স্থায়ী | কিছুই না, শুরু থেকেই কাজ করে |
| নিজের কেনা ডোমেইন | অন্য কোথাও থেকে কেনা (GoDaddy, Namecheap, স্থানীয় রিসেলার) | এখানে যোগ করে DNS আমাদের দিকে পয়েন্ট করা |
| আমাদের মাধ্যমে কেনা ডোমেইন | সহজ দোকানের ভেতর থেকেই কেনা | কিছুই না, পেমেন্ট হলেই নিজে থেকে যুক্ত হয়ে যায় |
বেশিরভাগ মার্চেন্ট আমাদের কাছ থেকেই কেনেন শেষ সারির কারণে: এখানে DNS-এর ঝামেলা একেবারেই নেই। আগে থেকে ডোমেইন থাকলে DNS ধাপটি এড়ানো যায় না, তবে সেটি মাত্র দুটি রেকর্ড এবং একবারই করতে হয়।
ডোমেইন তালিকা যেভাবে পড়বেন
আপনার প্রতিটি ঠিকানা একটি করে সারিতে দেখা যায়। সারির ব্যাজ দেখেই অবস্থা বোঝা যায়:
| ব্যাজ | মানে |
|---|---|
| Primary (প্রধান) | এটিই মূল ঠিকানা। বাকি সব এখানে রিডাইরেক্ট হয় |
| Connected (সবুজ) | যাচাই সম্পন্ন, দোকান এখানে চলছে |
| Verifying… (হলুদ) | যোগ হয়েছে, কিন্তু DNS এখনো আমাদের দিকে দেখা যাচ্ছে না |
| Action needed (লাল) | নির্ধারিত সময়ের মধ্যে যাচাই সম্পন্ন হয়নি |
| Not connected | আমাদের মাধ্যমে রেজিস্টার্ড, তবে দোকানের সাথে যুক্ত নয় |
প্রতিটি সারির নিচে সহজ ভাষায় এক লাইনের একটি বিবরণ থাকে। যুক্ত ডোমেইনে সেটি দেখায় কবে থেকে লাইভ আছে। যাচাই চলতে থাকা ডোমেইনে ঠিক কী সমস্যা তা বলে দেয়, যেমন ডোমেইনটি এখনো রেজিস্টার করা হয়নি, বা এর DNS আমাদের দিকে পয়েন্ট করছে না।
প্রতিটি সারির ডানে একটি ⋯ অ্যাকশন মেনুও আছে। সারির অবস্থা অনুযায়ী মেনুর অপশন বদলায়, তাই ইতিমধ্যে যুক্ত ডোমেইনে “Verify now” দেখাবে না, আর কেবল যাচাই হওয়া ডোমেইনকেই প্রধান করা যায়।
ফ্রি সাবডোমেইন
প্রথম সারিটি সবসময় yourstore.sohojdokan.com, এবং এটি মুছে ফেলা যায় না। দোকান যতদিন থাকবে ততদিন এই ঠিকানায় আপনার দোকান পাওয়া যাবে। কাস্টম ডোমেইন সেট করার সময় বিকল্প ঠিকানা হিসেবে এটি বেশ কাজে দেয়।
এর অ্যাকশন মেনুতে দুটি অপশন:
Set as primary আপনার মূল ঠিকানা আবার সাবডোমেইনে ফিরিয়ে আনে। কাস্টম ডোমেইনগুলো যুক্তই থাকে, শুধু আর প্রধান থাকে না।
Change subdomain দিয়ে নাম বদলানো যায়, যেমন demo-store.sohojdokan.com থেকে rahim-fashion.sohojdokan.com। বদলানোর আগে তিনটি বিষয় জেনে নিন:
- পুরোনো ঠিকানা স্থায়ীভাবে নতুন ঠিকানায় রিডাইরেক্ট হবে, তাই আগে শেয়ার করা লিংক, ছাপানো QR কোড ও পুরোনো ফেসবুক পোস্ট কাজ করতেই থাকবে।
- সার্চ ইঞ্জিনে নতুন ঠিকানা ইনডেক্স হতে কিছুটা সময় লাগে।
- সাবডোমেইন প্রতি ৩০ দিনে একবারই পরিবর্তন করা যায়, তাই ভেবেচিন্তে বাছুন।
নিজের ডোমেইন যুক্ত করা
Connect existing domain-এ ক্লিক করে ডোমেইনটি লিখুন এবং Add & Verify চাপুন।
শুধু নামটুকুই লিখুন, যেমন mystore.com বা www.mystore.com। http://, https:// বা ডোমেইনের পরে আর কিছু লিখবেন না। এখানে .sohojdokan.com ঠিকানা ব্যবহার করা যাবে না, কারণ সেটি আপনার সাবডোমেইন, কাস্টম ডোমেইন নয়।
ডোমেইনটি সাথে সাথেই হলুদ Verifying… ব্যাজ নিয়ে যোগ হয়ে যায় এবং এর DNS প্যানেল নিজে থেকেই খুলে যায়। এখনো কিছুই লাইভ হয়নি, আর পুরো সময়টাতে আপনার দোকান আগের ঠিকানাতেই চলতে থাকে। যাচাই চলাকালে কিছুই নষ্ট হয় না।
DNS রেকর্ড দুটি
যে কোম্পানি থেকে ডোমেইনটি কিনেছেন, সেখানে ঠিক দুটি রেকর্ড বসাতে হবে। প্রতিটি মানের পাশে কপি বাটন আছে, তাই হাতে টাইপ করার দরকার নেই।
| Type | Name / Host | Value / Points to |
|---|---|---|
| A | @ | আপনার পেজে দেখানো IP ঠিকানা |
| CNAME | www | আপনার yourstore.sohojdokan.com সাবডোমেইন |
A রেকর্ডটিই mystore.com কে আমাদের কাছে নিয়ে আসে। CNAME রেকর্ডটি একই কাজ করে www.mystore.com এর জন্য, যা জরুরি কারণ অনেক ক্রেতা এখনো নিজে থেকেই www লেখেন। আপনার প্রোভাইডার দ্বিতীয় A রেকর্ড সমর্থন করলে নিচে একটি বিকল্প IP-ও দেওয়া থাকে।
রেকর্ডের নিচে পেজের শেষে থাকা Need help connecting? অংশে Namecheap, GoDaddy, Cloudflare, Hostinger ও ExonHost এর ধাপে ধাপে গাইড আছে, সাথে বাইরে থেকে DNS পরীক্ষা করার একটি লিংক, যাতে বাকি দুনিয়া কী দেখছে তা আপনি দেখতে পারেন।
লক্ষ্য করুন: ডোমেইনটি Cloudflare-এ থাকলে দুটি রেকর্ডেই কমলা প্রক্সি মেঘ বন্ধ রাখুন (ধূসর মেঘ, DNS only), অথবা SSL মোড Full রাখুন, Full strict নয়। প্রক্সি চালু আর SSL strict থাকলে যাচাই সম্পন্ন হবে না এবং প্যাডলকও কাজ করবে না।
যাচাই আসলে যেভাবে কাজ করে
এই অংশটাই সবচেয়ে বেশি বিভ্রান্তি তৈরি করে, তাই সরাসরি বলি।
আমরা শুধু আপনার DNS রেকর্ড দেখি না, আমরা সরাসরি আপনার ডোমেইনকেই জিজ্ঞেস করি। আপনার দোকান একটি নির্দিষ্ট ঠিকানায় একটি গোপন টোকেন প্রকাশ করে, আর আমরা http(s)://yourdomain.com/.well-known/sohojdokan-domain-verify থেকে সেটি এনে মিলিয়ে দেখি। টোকেন মিলে গেলে বোঝা যায়, আপনার ডোমেইনের ট্রাফিক সত্যিই আপনার দোকানে পৌঁছাচ্ছে। এটি কেবল DNS দেখার চেয়ে অনেক নিশ্চিত পদ্ধতি, কারণ DNS ঠিক থাকা অবস্থাতেও সাইট না খোলা সম্ভব।
বাস্তবে এর মানে দাঁড়ায়:
- যাচাই প্রতি ১৫ মিনিট পরপর নিজে থেকেই ব্যাকগ্রাউন্ডে চলে। পেজ ওপেন করে বসে থাকার দরকার নেই।
- অ্যাকশন মেনুর Verify now সাথে সাথেই একবার পরীক্ষা চালায়। এতে প্রতি ১০ সেকেন্ডে একবারের সীমা আছে, তাই কিছুক্ষণ অপেক্ষা করতে বলা বার্তাটি স্বাভাবিক, কোনো সমস্যা নয়।
- সফল হলে সারিটি সবুজ হয়ে যায়, আর আপনি চালু রাখলে আমরা পুশ নোটিফিকেশন ও ইমেইলও পাঠাই।
- ৭ দিনের মধ্যে যাচাই না হলে সারিটি Action needed হয়ে যায় এবং আমরা জানিয়ে দিই। কিছুই মুছে যায় না। DNS ঠিক করে Verify now চাপলে সময় গণনা নতুন করে শুরু হয়।
- ডোমেইন আমাদের দিকে পয়েন্ট করলেই SSL (প্যাডলক) নিজে থেকে চালু হয়। কোনো সার্টিফিকেট কিনতে, আপলোড করতে বা নবায়ন করতে হয় না।
সারির বার্তাগুলোর মানে
| সারিতে যা লেখা | আসল সমস্যা | করণীয় |
|---|---|---|
| This domain isn’t registered yet | নামটি বিশ্বজুড়ে DNS-এ আদৌ নেই | আগে ডোমেইনটি কিনুন, আমাদের কাছ থেকে বা যেকোনো রেজিস্ট্রার থেকে |
| DNS isn’t pointing to us yet | ডোমেইন রিজলভ হচ্ছে, কিন্তু আমাদের সার্ভারে নয় | A ও CNAME এর মান এবং Cloudflare প্রক্সি সেটিং আবার দেখুন |
| Waiting for DNS to propagate | রেকর্ড ঠিক মনে হচ্ছে, তবু সাইটে পৌঁছানো যাচ্ছে না | অপেক্ষা করুন। আমরা নিজেরাই বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছি |
DNS পরিবর্তন সারা ইন্টারনেটে ছড়াতে ৫ মিনিট থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত লাগতে পারে, যদিও বেশিরভাগ ক্ষেত্রে এক থেকে দুই ঘণ্টার মধ্যেই কাজ করে। রেকর্ড ঠিকভাবে বসিয়ে থাকলে সবচেয়ে সৎ পরামর্শ হলো, পরদিন পর্যন্ত অপেক্ষা করুন।
প্রধান ডোমেইন বাছাই
একটি দোকানে একাধিক ডোমেইন যুক্ত করা যায়, আর তাদের একটি হয় প্রধান (Primary), অর্থাৎ ক্রেতারা ব্রাউজারে যে ঠিকানাটি আসলে দেখেন। বাকি সব ডোমেইন এবং আপনার ফ্রি সাবডোমেইন সেখানেই রিডাইরেক্ট হয়।
- আপনি যে কাস্টম ডোমেইনটি প্রথম যাচাই করবেন, সেটি নিজে থেকেই প্রধান হয়ে যায়।
- পরে বদলাতে চাইলে ডোমেইনের ⋯ মেনু ওপেন করে Set as primary বেছে নিন। কেবল Connected ডোমেইনকেই প্রধান করা যায়, কারণ যাচাই না হওয়া ডোমেইনকে প্রধান করলে দোকান বন্ধ হয়ে যেত।
- পরিবর্তন সাথে সাথেই কার্যকর হয়, আলাদা করে সেভ করার কিছু নেই।
একটি প্রধান ঠিকানা রাখার গুরুত্ব দেখতে যতটা কম মনে হয়, আসলে তার চেয়ে বেশি। সার্চ ইঞ্জিন mystore.com, www.mystore.com আর yourstore.sohojdokan.com কে তিনটি আলাদা সাইট হিসেবেই ধরে, যদি না একটিকে স্পষ্টভাবে মূল ঠিকানা বলে দেওয়া হয়। ফলে আপনার র্যাংকিং তিন ভাগ হয়ে যায়। প্রধান ডোমেইন সেই তিনটিকে এক ঠিকানায় মিলিয়ে দেয়।
আমাদের মাধ্যমে ডোমেইন কেনা
Buy new domain-এ ক্লিক করে সার্চ করুন। শুধু আপনার স্টোরের নাম (যেমনঃ jimsfashion) লিখলে আটটি পর্যন্ত এক্সটেনশনে নামটি দেখা যাবে, আর স্টোর নাম ডোমেইনের নামের সাথে লিখলে যেমনঃ jimsfashion.com লিখলে কেবল সেটিই যাচাই হবে।
প্রতিটি ফলাফলে দেখা যায় নামটি available কিনা এবং প্রতি বছরের দাম BDT-তে, সাথে নিচে নবায়নের দামও, যাতে দ্বিতীয় বছরে কোনো চমক না থাকে। পেমেন্ট হয় PayStation দিয়ে, অর্থাৎ আপনার সাবস্ক্রিপশনের একই গেটওয়ে, তাই বিকাশ, নগদ, কার্ড ও ব্যাংক ট্রান্সফার সবই চলে।
আসল সুবিধাটা পেমেন্টের পরে: ডোমেইনটি রেজিস্টার হয়ে নিজে থেকেই আপনার দোকানের সাথে যুক্ত হয়ে যায়। কোনো DNS রেকর্ড নেই, অপেক্ষা নেই, যাচাই নেই। এটি আপনার প্রথম কাস্টম ডোমেইন হলে সেটি নিজে থেকেই প্রধানও হয়ে যায়।
আপনার প্যাকেজে ফ্রি ডোমেইন থাকলে
উপযুক্ত প্যাকেজগুলোতে প্রথম বছরের জন্য একটি ডোমেইন ফ্রি থাকে। ক্রেডিট থাকলে পেজের উপরে সবুজ Free domain credit ব্যানার দেখা যায়, আর যোগ্য ফলাফলে দামের বদলে FREE ব্যাজ দেখায়।
ফ্রি-যোগ্য ডোমেইনে Buy চাপলে আগে নিশ্চিতকরণ চাওয়া হয়, কারণ ক্রেডিট প্রতি দোকানে একটিই এবং একবারই ব্যবহার করা যায়। চাইলে স্বাভাবিক দামে কিনে ক্রেডিটটি অন্য কোনো নামের জন্য রেখে দিতে পারেন। ফ্রি ক্রেডিটে কেনা ডোমেইনে পেমেন্ট পেজ আসেই না।
কয়েকটি সীমা স্পষ্ট করে বলি: ক্রেডিট প্রযোজ্য এক বছরে ও একটি ডোমেইনে, কেবল আপনার প্যাকেজে উল্লেখ করা এক্সটেনশনে, আর প্রিমিয়াম দামের নামগুলো এর বাইরে। দ্বিতীয় বছরের নবায়ন স্বাভাবিক দামেই হবে।
বাংলাদেশি .bd ও .com.bd ডোমেইন
এগুলো নিয়ন্ত্রিত, তাই .com এর চেয়ে দুই জায়গায় আলাদা:
- কেনার আগে পরিচয়পত্র জমা দিতে হয়। এসব এক্সটেনশনের ফলাফলে Documents required ব্যাজ থাকে।
- সাথে সাথে চালু হয় না। পেমেন্টের পর ডোমেইনটি Under review দেখায়, এই সময়ে আমাদের টিম রেজিস্ট্রির সাথে রেজিস্ট্রেশন সম্পন্ন করে, তারপর সেটি আপনার দোকানের সাথে যুক্ত হয়।
কেনা শুরু করার আগেই ডকুমেন্ট যোগ করে রাখলে পুরো কাজটি অনেক সহজ হয়।
Domain contact & documents
পৃথিবীর প্রতিটি ডোমেইন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে রেজিস্টার করা থাকে। এই কার্ডে সেই তথ্যগুলোই থাকে, যাকে বলে WHOIS contact, আর আমাদের মাধ্যমে কেনা প্রতিটি ডোমেইনে এগুলোই ব্যবহার হয়।
আবশ্যক ঘরগুলো হলো পুরো নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও শহর। প্রতিষ্ঠান, বিভাগ, পোস্টাল কোড ও দেশ ঐচ্ছিক। কার্ডটি খালি রেখে কিনতে গেলে আগে এগুলো পূরণ করতে বলা হবে, তাই আগেভাগে একবার ভরে রাখাই ভালো।
.bd ও .com.bd এর জন্য আরও লাগবে:
- একটি জাতীয় পরিচয়পত্র নম্বর, শুধু সংখ্যা, ১০ থেকে ১৭ ডিজিটের মধ্যে।
- পরিচয়পত্র ডকুমেন্ট, যার মধ্যে থাকতে পারে জাতীয় পরিচয়পত্র, ট্রেড লাইসেন্স, অথরাইজেশন লেটার বা ইনকর্পোরেশন সার্টিফিকেট। আপনি যে এক্সটেনশন কিনছেন, তার জন্য কোনটি আবশ্যক আর কোনটি ঐচ্ছিক তা পেজেই লেখা থাকে।
- ফাইল হতে হবে JPG, PNG, WebP বা PDF, প্রতিটি ৮ মেগাবাইটের কম।
তথ্য সেভ হলে কার্ডে On file দেখায়, না থাকলে Not added yet। এখানে দেওয়া তথ্য দিয়ে আপনার দোকানের কন্টাক্ট ঘরগুলোও পূরণ হয়ে যায় যদি সেগুলো খালি থাকে, তাই একই জিনিস দুইবার লিখতে হয় না।
নবায়ন ও অটো-রিনিউ
আমাদের মাধ্যমে রেজিস্টার করা ডোমেইনগুলো তালিকায় নবায়নের তারিখসহ দেখা যায়, আর প্রতিটিতে দুটি নিয়ন্ত্রণ থাকে:
Auto-renew একটি সুইচ। চালু রাখলে ডোমেইনটি নিজে থেকেই নবায়ন হয়, আপনাকে মনে রাখতে হয় না। এটিই নিরাপদ পছন্দ। মেয়াদ শেষ হয়ে যাওয়া ডোমেইন অন্য কেউ কিনে নিতে পারেন, আর ফেরত পাওয়া তখন ব্যয়বহুল বা অসম্ভব।
Renew বাটন দিয়ে যেকোনো সময় নিজে থেকে নবায়ন করা যায়। এতে মেয়াদ বাড়ে, নতুন করে শুরু হয় না, তাই আগেভাগে নবায়ন করলে কোনো দিন নষ্ট হয় না।
তারিখ ঘনিয়ে এলে আমরা এসএমএস রিমাইন্ডারও পাঠাই, মেয়াদ শেষের প্রায় ৩০, ১৪, ৭ ও ১ দিন আগে, এবং কেবল দিনের বেলায়, যাতে মাঝরাতে কোনো বার্তা না যায়।
Order history
প্রতিটি রেজিস্ট্রেশন ও নবায়ন এখানে ধরন, বছর সংখ্যা, টাকার পরিমাণ, পেমেন্ট অবস্থা ও তারিখসহ তালিকাভুক্ত থাকে। ডোমেইনের জন্য আমাদের যা যা দিয়েছেন, তার পূর্ণ হিসাব এটিই।
দুটি বিষয় জেনে রাখুন:
- পেমেন্ট সম্পন্ন না হলে অর্ডারটির পাশে Pay now বাটন থেকে যায়, তাই নতুন করে খোঁজাখুঁজি না করেই কাজটি শেষ করা যায়।
- প্রায় ৩০ মিনিট পেমেন্ট ছাড়া পড়ে থাকা অর্ডার নিজে থেকেই বাতিল হয়ে যায়। কোনো টাকা কাটা হয় না, আর ডোমেইনটি ধরে রাখাও হয় না, তাই এখনো চাইলে আবার সার্চ করে নিন।
ডোমেইনের গায়ে রেজিস্ট্রেশনের অবস্থাও দেখতে পারেন। Registered মানে সব শেষ। Under review মানে আমরা হাতে কাজটি সম্পন্ন করছি, যা .bd এর ক্ষেত্রে স্বাভাবিক। Needs attention মানে কোথাও সমস্যা হয়েছে এবং আমরা ইতিমধ্যে বিষয়টি দেখছি; সমাধান না হলে আপনার টাকা ফেরত দেওয়া হবে।
ডোমেইন সরানো
ডোমেইনের অ্যাকশন মেনু থেকে Remove বেছে নিন। ওই ঠিকানায় আপনার দোকান আর দেখা যাবে না, তবে চাইলে পরে আবার একই ডোমেইন যুক্ত করতে পারবেন।
এরপর কী হবে তা নির্ভর করে আপনি কোন ডোমেইনটি সরালেন তার উপর:
- প্রধান নয় এমন ডোমেইন সরালে আর কিছুই বদলায় না।
- প্রধান ডোমেইন সরালে আপনার পরবর্তী পুরোনো যুক্ত ডোমেইনটি প্রধান হয়ে যায়। আর কোনোটি না থাকলে ফ্রি সাবডোমেইনই আবার প্রধান হয়।
যেভাবেই হোক, আপনার দোকান অনলাইনেই থাকে। এখান থেকে সরালে আমাদের কাছ থেকে কেনা রেজিস্ট্রেশন বাতিল হয় না, ডোমেইনটি তালিকায় Not connected হিসেবে থেকে যায় এবং এক ক্লিকেই আবার যুক্ত করা যায়।
নিয়ম ও সীমা এক নজরে
| নিয়ম | মান |
|---|---|
| প্রতি দোকানে কাস্টম ডোমেইন | সর্বোচ্চ ১০টি |
| সাবডোমেইন পরিবর্তন | প্রতি ৩০ দিনে একবার |
| যাচাইয়ের সময়সীমা | ৭ দিন, Verify now চাপলে নতুন করে শুরু |
| স্বয়ংক্রিয় যাচাই | প্রায় প্রতি ১৫ মিনিটে |
| DNS প্রোপাগেশন | ৫ মিনিট থেকে ৪৮ ঘণ্টা, সাধারণত ১ থেকে ২ ঘণ্টা |
| পেমেন্ট না হওয়া ডোমেইন অর্ডার | প্রায় ৩০ মিনিট পর বাতিল |
| নবায়ন রিমাইন্ডার | মেয়াদ শেষের ৩০, ১৪, ৭ ও ১ দিন আগে |
| ফ্রি ডোমেইন ক্রেডিট | প্রতি দোকানে একটি, এক বছরের, উপযুক্ত প্যাকেজে |
সাধারণ সমস্যা
| যা দেখছেন | কারণ |
|---|---|
| ঘণ্টার পর ঘণ্টা Verifying… | DNS এখনো ছড়ায়নি, অথবা রেকর্ড অন্য কোথাও পয়েন্ট করছে। মান যাচাই করে অপেক্ষা করুন |
| যাচাই হয়েছে, কিন্তু প্যাডলক নেই | Cloudflare প্রক্সি চালু আছে আর SSL strict। দুটি রেকর্ড ধূসর মেঘ করুন বা SSL Full করুন |
mystore.com চলে, www.mystore.com চলে না | www এর CNAME রেকর্ডটি নেই |
| Set as primary নিষ্ক্রিয় | ডোমেইনটি এখনো যাচাই হয়নি। কেবল Connected ডোমেইনই প্রধান হতে পারে |
| কন্টাক্ট তথ্যের বার্তা দিয়ে কেনা আটকে যাচ্ছে | আপনার WHOIS তথ্য, NID বা ডকুমেন্ট অসম্পূর্ণ। আগে কন্টাক্ট কার্ডটি পূরণ করুন |
.bd ডোমেইন অনেকক্ষণ Under review | স্বাভাবিক। নিয়ন্ত্রিত এক্সটেনশন হাতে রেজিস্টার হয়, সাথে সাথে নয় |
| নতুন ডোমেইন যোগ করা যাচ্ছে না | ১০টি ডোমেইনের সীমায় পৌঁছে গেছেন। অব্যবহৃত একটি সরিয়ে দিন |
মোবাইল অ্যাপে
মার্চেন্ট অ্যাপে একই সুবিধা আছে More → Domains-এ। সেখান থেকে ডোমেইন তালিকা দেখা, নতুন ডোমেইন কেনা, নিজের ডোমেইন যুক্ত করা এবং WHOIS তথ্য ও ডকুমেন্ট দেওয়া যায়। DNS রেকর্ডগুলোও কপি বাটনসহ সেখানে দেখানো হয়, তাই ফোন থেকেই পুরো কাজটি করা সম্ভব।
টিপস
- দোকান পুরোপুরি তৈরি হওয়ার আগেই ডোমেইন যুক্ত করে ফেলুন। যাচাই ও DNS প্রোপাগেশনে যে সময় লাগে, সেটি লঞ্চের সময়ের চেয়ে আগেই খরচ করা ভালো।
- আমাদের কাছ থেকে কিনলে DNS-এর পুরো ধাপটাই বাদ যায়। DNS নিয়ে দুশ্চিন্তা থাকলে শুধু এ কারণেই এটি বেছে নিতে পারেন।
@আরwwwদুটি রেকর্ডই বসান। আপনার অর্ধেক ক্রেতাwwwলিখেই আসবেন।- ডোমেইন খোঁজা শুরু করার আগেই কন্টাক্ট কার্ডটি একবার পূরণ করে রাখুন, তাহলে কেনার মাঝপথে কিছু আটকাবে না।
- অটো-রিনিউ চালু রাখুন। নবায়নের খরচ ঠিকানা হারানোর ক্ষতির তুলনায় কিছুই নয়।
- ডোমেইন লাইভ হওয়ার পর আপনার ফেসবুক পেজ, ছাপানো প্রচারপত্র ও Google Business তালিকায় নতুন ঠিকানাটি বসিয়ে দিন, যাতে সবকিছু এক জায়গাতেই নির্দেশ করে।
এরপর
নতুন শুরু করছেন? পড়ুন কাস্টম ডোমেইন যুক্ত করুন অথবা ডোমেইন কিনুন। এক দোকানে একাধিক ঠিকানা চালাতে দেখুন একাধিক ডোমেইন ব্যবস্থাপনা। প্যাকেজের সাথে পাওয়া ডোমেইনটি নিতে দেখুন প্যাকেজের সাথে ফ্রি ডোমেইন।
আরও সাহায্য দরকার?
আমাদের টিম আপনার পাশে আছে। যোগাযোগ করুন, আমরা সমাধান করে দেব।